দিনাজপুরে চারদলীয় জোটের কর্মীদের জামিন মঞ্জুর
দিনাজপুরে গত ২৯ জানুয়ারি চারদলীয় জোটের গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ সংঘর্ষের ঘটায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চারদলীয় জোটের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দিনাজপুর আমলি আদালত ১-এর বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন মঞ্জুর করেন।পুলিশি বাধা অতিক্রম করে গণমিছিলের ঘটনায় সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ চারদলীয় জোটের অর্ধশতাধিক নেতা-কর্মী পুলিশের লাঠিপেটার শিকার হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে চারদলীয় জোটের ৪৫ জন নেতা-কর্মীর নামে ও অজ্ঞাত দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সরকার মামলা করেন।গতকাল বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সহসভাপতি মো. আক্তারুজ্জামান মিয়া, এ জেড এম রেজওয়ানুল হক, মাহবুব আহমেদ, মো. খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আনোয়ারুল ইসলামসহ জোটের নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। দুপুর ১২টা ৩০ মিনিটে বিচারক মামলার সব আসামিকে জামিন দেন।