দিনাজপুরে চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ৪২ হাজার পশু
দিনাজপুরে কোরবানির পশুর চাহিদা মিটিয়ে আরও ৪২ হাজারের বেশি উদ্বৃত্ত থাকবে। এ ছাড়া এখানে কোরবানির পশুর দামও কম। এ কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকেরা তাঁদের পছন্দের পশু কিনতে পারছেন। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ফাঁসিলাডাঙ্গা, রেলবাজার, খানপুর, কাহারোলসহ বিভিন্ন কোরবানির গরুর হাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালিত জরিপ সূত্রে দেখা গেছে, এ বছর জেলার ১৩ উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত গরুর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৫৭। জেলায় চাহিদা রয়েছে ৮২ হাজার ৬৮৫টি গরুর। উদ্বৃত্ত গরুর সংখ্যা ৩২ হাজার ৪৭২। এ ছাড়া জেলায় কোরবানির জন্য প্রস্তুত ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৭ হাজার ৪০৭টি। জেলার চাহিদা রয়েছে ৫৭ হাজার ৩২৫টির। উদ্বৃত্ত ছাগল ও ভেড়ার সংখ্যা ১০ হাজার ৮২টি। মোট উদ্বৃত্ত গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা ৪২ হাজার ৫৫৪টি।
বুধবার সদর উপজেলার ফাঁসিলাডাঙ্গা হাটে গিয়ে প্রচুর গরু দেখা যায়। এর মধ্যে ৯০-৯৫ ভাগই দেশি গরু। হাটে গরু বিক্রি করতে আসা বিরলের আনছার আলী বলেন, দিনাজপুরের মানুষের কাছে দেশি গরুর কদর বেশি। ইসলামী ব্যাংকের ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে ৪০ হাজার টাকা নিয়ে প্রতিবছর দুটি গরু কিনে পালন করে আট মাস পর কোরবানির হাটে বিক্রি করেন। এবারও তাই করেছেন। একটি গরু বিক্রি হয়েছে ৪৫ হাজার টাকায়। ক্রেতারা দ্বিতীয়টি ৪৬ হাজার টাকা বলছেন। ফাঁসিলাডাঙ্গা হাটে কোরবানির গরু কিনতে আসা স্থানীয় মুরাদপুর গ্রামের কৃষক মোসাদ্দেক আলী ও উথরাইল ইউনিয়নের লোকমান হাকিম বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকজন এবার সহজে ৩০ থেকে ৫৫ হাজার টাকায় কোরবানির গরু কিনতে পারছেন।
গতকাল শহরের রেলবাজার গরুর হাটে গিয়েও ফাঁসিলাডাঙ্গা হাটের মতো চিত্র দেখা গেছে। বাজারে হাজার হাজার গরু। সেই তুলনায় ক্রেতা নেই। শহরের রামনগর এলাকার গরু ব্যবসায়ী মকসেদ আলী বলেন, দিনাজপুরের মানুষের কাছে কোরবানির জন্য দেশি ও মাঝারি গরু পছন্দের। এখানকার হাটগুলোতে যত গরুর আমদানি হচ্ছে, এর ২৫ ভাগ বিক্রি হবে না। শহরের পুলহাট বাণিজ্যিক এলাকার ব্যবসায়ী সাদেকুল ইসলাম বলেন, আগে থেকে রব উঠেছিল, এবার গরুর দাম বেশি হবে। কিন্তু তা হয়নি।
দিনাজপুরের আউলিয়াপুর এলাকার মেসার্স সারোয়ার অটোরাইস মিলের মালিক সারোয়ার আশফাক বলেন, মিলের ভেতরে তাঁর বড় ধরনের গরুর খামার আছে। সেখানে তিনি ৫০ থেকে ১০০টি গরু পালন করেন। ১৫ দিন আগে সব গরু ঢাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে গেছেন। গত বছরের দামেই বিক্রি করেছেন। দিনাজপুরের অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকা আকবর বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কৃষক ও প্রান্তিক পর্যায়ে খামারিদের এঁড়ে গরু পালনে বিনা মূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।