দিনাজপুরে ছাত্র অপহৃত, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের সাইয়েদুল মুরসালিন নামের এক স্কুলছাত্রকে গত বৃহস্পতিবার দুপুরে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে মুরসালিনের বাবা মোকসেদুল ইসলাম জানিয়েছেন।
কোতোয়ািল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মুরসালিনকে উদ্ধারের চেষ্টা চলছে৷ ইতিমধ্যে মুঠোফোন নম্বরে ট্রেকিং করে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে৷
গতকাল শুক্রবার বিকেলে মহব্বতপুর গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে ও উঠানজুড়ে শতাধিক নারী-পুরুষের ভিড়। ঘরের ভেতরে মেঝেতে মুরসালিনের মা গুলশানা ফেরদৌস (৩৮) মূর্ছা যাচ্ছেন। খালা আনোয়ারা খাতুন, রওশন আরাসহ অনেকে হাতপাখা দিয়ে বাতাস করছেন৷ অন্যরা মাথায় পানি ঢালছেন ও হাত বুলিয়ে দিচ্ছেন। অনেক চেষ্টা করেও গুলশানা ফেরদৌসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মোকসেদুল ইসলাম জানান, তিনি দিনাজপুর রেজিস্ট্রি অফিসে দলিল লেখার কাজ করেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুরবািড় থাকেন। দুই ছেলের মধ্যে মুরসালিন বড়। সে স্থানীয় চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। ছোট ছেলে মুকতাসিম একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মুরসালিনের বাবা মোকসেদুল ইসলাম আরও বলেন, বৃহস্পতিবার বেলা একটার দিকে মুরসালিন তার চাচাতো ভাই হাফেজ মোফাজ্জল হোসেনসহ (১৭) বাড়ির পাশে গাছ থেকে কাঁচা আম পাড়ে। মোফাজ্জল আমগুলো তাদের বািড়তে ধুতে যায়। ফিরে এসে আর মুরসালিনকে খুঁজে পায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, আরেক প্রতিবেশী রিকশাচালক ওবায়দুর রহমানের ছেলে শহরের কে বি এম কলেজের ছাত্র রশিদুল ইসলাম মুরসালিনকে ডেকে নিয়ে গেছে। কিন্তু খোঁজ করলে রশিদুল জানায়, সে আম খাওয়ার জন্য মুরসালিনকে ডেকেছিল। তারপর মুরসালিন বাড়ির পশ্চিম দিকে রাস্তা ধরে চলে গেছে। কোথায় গেছে, তা সে জানে না।
মোকসেদুল ইসলাম বলেন, ‘বিকেল পৌনে চারটার দিকে আমার স্ত্রীর মুঠোফোনে ০১৯৫১৩৫৩২৮৬ নম্বর থেকে একটি ফোন আসে। তাঁর কাছে আমার নম্বর চায়। নম্বর দিলে ১০ মিনিটের মধ্যে আমার মুঠোফোনে একই নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, নিকটজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মুরসালিনকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। মুরসালিনকে জীবিত ফিরে পেতে চাইলে ৫০ লাখ টাকা দিতে হবে। না দিলে লাশও পাওয়া যাবে না।’ একই সঙ্গে অপহরণকারীরা তাদের সঙ্গে মুক্তিপণসহ যাবতীয় কথাবার্তা পুলিশ, সাংবাদিকসহ কাউকে জানালে ক্ষতি হবে বলে হুমকি দিয়েছে।
তবে মোকসেদুল জানান, জমি বা অন্য কোনো বিষয় নিয়ে তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ নেই। অপহরণকারীরা বিষয়টিকে কৌশল হিসেবে নিয়েছে।