দিনাজপুরে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে দিনাজপুর ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। দিনাজপুর-দশমাইল এলাকায় এই অবরোধ করার কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড়-রংপুর চলাচলকারী যানবাহন আটকা পড়ে। দিনাজপুর সরকারি কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ, আদর্শ ডিগ্রি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, কে বি এম ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অবরোধ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।অবরোধ চলাকালে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, অর্থবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পার্থ কুমার ঘোষ, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, কোতোয়ালি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস শাহ বক্তব্য দেন।ছাত্রলীগের কর্মীরা এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ্য করেন।জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, জেলা কমিটি করার আগে কেন্দ্রীয় নেতাদের উচিত ছিল দিনাজপুরে এসে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মতামত নেওয়া। সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, বিগত দিনে সংগঠনের নেতা-কর্মী যাঁরা প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে চারদলীয় জোট সরকারের আমলে ছাত্রদল ও শিবিরের সঙ্গে লড়াই-সংগ্রাম করেছেন, নিজেদের দল এবং সংগঠনের সব কর্মসূচি পালন এবং সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, নির্যাতন সহ্য করেছেন, কেন্দ্র থেকে পাঠানো পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিতে তাঁদের নাম নেই। যে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পাঠানো হয়েছে, সেখানে সবাই অছাত্র। অবিলম্বে কেন্দ্র থেকে পাঠানো কমিটি বাতিল করা না হলে দিনাজপুরে সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট পালনের কর্মসূচি দেওয়া হবে বলে ছাত্রলীগের নেতারা ঘোষণা দেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইকবাল শামীম জানান, অবরোধের কারণে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় ও রংপুরে যাতায়াতকারী শত শত যানবাহন অটকা পড়ে। দুপুর ১২টার পর ছাত্ররা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।