দিনাজপুরে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ
দিনাজপুরে হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের মহাসড়কে ছিনতাই-ডাকাতি বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের ফলে রাস্তার দুই পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজাউল করিম ও হাবিব ১৪ আগস্ট রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের ১০০ গজ দূরে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে তাঁদের আটক করে। একপর্যায়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হলেও ছিনতাইকারীদের গ্রেপ্তার বা মোটরসাইকেলসহ মালামাল উদ্ধারে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্ররা গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, সম্প্রতি পুলিশ নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজন ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। ডাকাতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে ছাত্রদের ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে।