দিনাজপুরে ছেলেমেয়েরা সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫-এর সংখ্যা। আবার ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হারও বেড়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েদের চেয়ে ভালো করেছে ছেলেরা।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৫৬৯টি প্রতিষ্ঠান থেকে এবার মোট ১ লাখ ৫০ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১ জন। পাসের হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বোর্ডে মেয়েদের পাসের হার গত বছরের তুলনায় অনেক বেড়েছে। ২০১৫ সালে যেখানে ৮৫ দশমিক ৬২ শতাংশ মেয়ে পাস করেছে, সেখানে এ বছর পাস করেছে ৯৮ দশমিক ৯৫ শতাংশ। পাশাপাশি ছেলেরাও গতবারের তুলনায় ভালো করেছে। এ বছর ৮৯ দশমিক ২৫ শতাংশ ছেলে পাস করেছে। গত বছর এই হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ।
এ বছর দিনাজপুর বোর্ডে ৮ হাজার ৮৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। ২০১৫ সালে এসেছিল ১০ হাজার ৮৪২টি। আর ২০১৪ সালে ১৪ হাজার ৮২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দিনাজপুর বোর্ডে মেয়েদের তুলনায় বরাবরই ভালো করে আসছে ছেলেরা। গত ছয় বছরের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ২০১০ সালে ৪ হাজার ১৬১ জন, ২০১১ সালে ৩ হাজার ৬০২, ২০১২ সালে ৪ হাজার ৫৩৯, ২০১৩ সালে ৫ হাজার ৮৯, ২০১৪ সালে ৮ হাজার ৩০৯, ২০১৫ সালে ৫ হাজার ৮৭২ এবং এ বছর ৪ হাজার ৯৮৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। আর এই বছরগুলোতে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে যথাক্রমে ২ হাজার ৪৭৩, ১ হাজার ৮৮৩, ২ হাজার ৮৯২, ৩ হাজার ৯৭, ৬ হাজার ৫১৮, ৪ হাজার ৯৭১ ও ৩ হাজার ৯১৫ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও পাসের হার বাড়লেও কমেছে শিক্ষার গুণগত মান। ফলে জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে। এক বোর্ডের শিক্ষকদের করা প্রশ্নে অন্য বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার কারণেই এ বিপর্যয়ের অন্যতম কারণ।