দিনাজপুরে জমজমাট দ্বিতীয় পদার্থবিজ্ঞান উৎসব
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন বলেছেন, আমাদের সমাজ অনেক এগিয়েছে। গণিতে, বিজ্ঞানে, ভাষায় বর্তমানে অনেক বেশি চর্চা হচ্ছে। শিক্ষার্থীদের মন থেকে অযাচিত ভীতি কাটতে শুরু করেছে। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় পদার্থবিজ্ঞান উৎসব উদ্বোধনকালে আফজাল হোসেন এসব কথা বলেন।ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় দিনাজপুর সায়েন্স একাডেমি এই পদার্থবিজ্ঞান উৎসবের আয়োজন করে। সকাল থেকে মুষলধারায় বৃষ্টি ঝরলেও দিনাজপুর সদরসহ বিরল, বিরামপুর, চিরিরবন্দর, খানসামা, নবাবগঞ্জ, পার্বতীপুরসহ বিভিন্ন উপজেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩২৫ জন শিক্ষার্থীর উৎসাহের কাছে হার মানে প্রকৃতি।উৎসবের প্রথম পর্বে একক ও দলীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় দিনাজপুর জিলা স্কুল এবং কলেজিয়েট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের মোট ২৭টি শ্রেণীকক্ষে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তিনটি ভাগে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পর্বে এক হাজার ৯১ জন প্রতিযোগী অংশ নেয়। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হয় দলীয় প্রতিযোগিতা। তিন সদস্যবিশিষ্ট দলের সদস্যরা তাদের জন্য নির্ধারিত পদার্থবিজ্ঞানের পাঁচটি সমস্যার সমাধানের চেষ্টা করে। এই পর্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ২৩৪ জন প্রতিযোগী অংশ নেয়।দুপুরে নামাজ ও খাওয়ার বিরতির পর দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের সামনে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের ‘বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে’র ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করে দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক বিশ্বজিৎ দাস।দিনাজপুর সায়েন্স একাডেমির সহ-সভাপতি স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জিয়াউল হকের উপস্থাপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় কুইজ ও প্রশ্নোত্তর পর্বে প্রাণবন্ত হয়ে ওঠে দ্বিতীয় পদার্থবিজ্ঞান উৎসব। এই পর্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায়, সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার, রংপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুস সালাম, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মো. শাহাদাৎ হোসেন, দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বিশ্বজিৎ দাস, সায়েন্স একাডেমির সাধারণ সম্পাদক গণিতের শিক্ষক একরামুল হক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উৎসবের শেষ পর্বে প্রধান অতিথি দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, বিশেষ অতিথি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে মোট ৬৩ জন খুদে বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়।