দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গতকাল রোববার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের শরীফ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৪২) এবং রণগাঁও গ্রামের মৃত যোশেফ সরেনের ছেলে পালু সরেন (৪২)। এলাকাবাসী জানায়, উপজেলার সাদামহল গ্রামের আবদুল মান্নান এবং রণগাঁও গ্রামের রিয়াজুল, সাত্তার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে গতকাল এ সংঘর্ষ হয়।সাদামহল গ্রামের আবদুল মান্নান বলেন, গতকাল তিনিসহ মহসীন আলী, তমলিম উদ্দিন, রফিকুল ইসলাম ও শহিদুল ধানগুলো পেকেছে কি না দেখতে যান। সেখানে গিয়ে দেখতে পান আমিনুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের রিয়াজুল, সাত্তার, ফয়জুল, সানজিলাসহ প্রায় ৪০ জন তীর-ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে জমি ঘিরে আছে। অবস্থা বেগতিক দেখে পালানোর সময় প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ছোড়া তীরের আঘাতে শহিদুল ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আবদুর রহমান তীরবিদ্ধ হন।পুলিশ জানায়, জমির মালিক বলে দাবিদারদের পাল্টা হামলায় পালু সরেন নামে এক আদিবাসী নিহত হয়েছেন। আহতদের মধ্যে তীরবিদ্ধ রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং তীর ও ছুরিকাঘাতে আহত মো. মহসীনকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও আমিনুলের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বোচাগঞ্জ থানার ওসি সামসুন নূর বলেন, ওই এলাকায় প্রায় ১০ একর খাসজমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।