দিনাজপুর শহরের ছোট গুড়গোলা মহল্লায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিশেষ জজ আদালত এ রায় দেন।সাজাপ্রাপ্ত দুজন হলেন দিনাজপুর শহরের রাজবাটি সবজিবাগান এলাকার আনোয়ার সাদাত ওরফে কারি ওবায়দুল্লাহ ও পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলওয়ে কলোনির সাইদুল ইসলাম ওরফে সাখাওয়াত।বিচারক মো. রফিকুল ইসলাম গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সাজাপ্রাপ্ত দুজনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। এ সময় তাঁদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আদালত থেকে বের হওয়ার সময় ছবি তুলতে গেলে তাঁরা ডান্ডাবেড়ি পরা অবস্থায় সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। পুলিশের ওপরও চড়াও হন।২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি দিনাজপুর শহরের ছোট গুড়গোলা মহল্লায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। জেএমবির নেতা-কর্মীরা ওই বাড়িটি ভাড়া নিয়ে ছাত্রাবাস হিসেবে ব্যবহার করছিলেন। বিস্ফোরণে জেএমবির ১০-১২ জন নেতা-কর্মী আহত হন।