দিনাজপুরে জেএমবির দুই সদস্য রিমান্ডে
দিনাজপুরে দুই জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক গোপাল চন্দ্র রায় এ রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি দল চিরিরবন্দর উপজেলার ভুসিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় মাঠ থেকে মো. জাকির হোসেন (২৭) ও মো. মানিক হোসেন (২৬) নামের দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার তাঁদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক গোপাল চন্দ্র রায় প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
দিনাজপুর ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজনেরই বাড়ি চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের মাছুয়া পাড়া গ্রামে।
মামলার বাদী পুলিশ কর্মকর্তা বজলুর রশিদ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, সিলেটে হজরত শাহজালাল (রা.)-এর মাজারে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনার প্রধান আসামি হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখার পর চিরিরবন্দর উপজেলায় জেএমবি সদস্যরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। পরিকল্পনার অংশ হিসেবে সাত থেকে আটজন জেএমবি সদস্য বৃহস্পতিবার রাতে ভুসিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গোপন সভা করে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল রাত ১টা ১০ মিনিটে ঘটনাস্থলে হাজির হয়। এ সময় মানিক হোসেন ও জাকির হোসেনকে ডিবি পুলিশ ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া জেএমবি সদস্যদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. বজলুর রশিদ জানান, গ্রেপ্তার হওয়া দুই জেএমবি সদস্য ২০১৫ সালের ৫ ডিসেম্বর কাহারোল উপজেলায় কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলায় যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ওই ঘটনায় জাকির হোসেন গ্রেপ্তার হন। পরে দুজনেই আদালত থেকে জামিনে মুক্তি পান। বর্তমানে দুজনই জেএমবির নিয়মিত সদস্য। প্রতি মাসে সংগঠনের তহবিলে ২০০ টাকা হারে চাঁদা দেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে জাকির হোসেনের বাবা মো. আজিজার রহমান জানান, তাঁর ছেলে স্থানীয় রাণীরবন্দর বাজারে খেলাধুলার সামগ্রী এবং মানিক হোসেন সাইকেল পার্টসের দোকান চালান। তাঁরা জেএমবি বা কোনো প্রকার নাশকতার ঘটনার সঙ্গে জড়িত কি না, তা পরিবারের সদস্যরা জানেন না।