দিনাজপুরে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেলার বোচাগঞ্জে এবং দুপুর ১২টার দিকে চিরিরবন্দর উপজেলায় পৃথক দুর্ঘটনায় তাঁরা নিহত হন।
জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই বাজারে ধানবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ববিতা রানী শীল (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লিমা রানী রায় (১৮) নামের অপর এক কলেজছাত্রী। আহত লিমাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। নিহত ববিতা উপজেলার ঈশানিয়া গ্রামের কৃষক ছবিলাল শীলের মেয়ে।
হাসপাতালে চিকিৎসাধীন লিমা রানী জানান, বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের ঈশানিয়া গ্রামে তাঁদের দুজনের বাড়ি। তাঁরা সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে বাড়ি থেকে দুই বান্ধবী বাইসাইকেলে চড়ে সেতাবগঞ্জ পৌরসভায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। তিনি সাইকেল চালাচ্ছিলেন আর ববিতা পেছনে বসেছিলেন। পথে দকচাই বাজারে ধানবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাঁদের সাইকেলটিকে ধাক্কা দিলে পেছনে বসা ববিতা ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল আলম প্রধান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন লিমাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও চালকের সহকারী পালিয়ে যান। ট্রাকটি বোচাগঞ্জ থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।
অপর দিকে শুক্রবার দুপুর ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে ট্রাকচাপায় সপ্তম শ্রেণি পড়ুয়া সুইটি (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সুইটি একটি শিশুকে নিয়ে সাইকেল চালিয়ে বেলতলী বাজারে আসছিল। আমতলী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক সুইটির সাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সুইটি নিহত হয়।
সুইটির বাবা সাদেকুর রহমান জানান, সুইটি তার বড় ভাইয়ের তিন বছর বয়সী শিশুকে সাইকেলে নিয়ে বাজারে স্কুল ড্রেস আনতে গিয়েছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় সাইকেলে থাকা ওই শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং সুইটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে। তবে চালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। এ সময় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। সুইটির পরিবারের আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।