দিনাজপুরে ট্রাকশ্রমিকদের হামলায় মালিকপক্ষের সভা পণ্ড, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ট্রাকশ্রমিকদের হামলায় জেলা ট্রাকমালিক সমিতির সভা পণ্ড হয়ে গেছে। ট্রাকমালিকেরা গত শনিবার সকালে শহরের ক্ষেত্রীপাড়া এলাকায় ট্রাক ভাড়া বন্দোবস্তকারী নামক সংগঠনের উদ্বোধন করতে গেলে এ ঘটনা ঘটে।উত্তেজিত শ্রমিকেরা সভার প্যান্ডেল, ট্রাকমালিক গ্রুপের কার্যালয় ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও টাকা লুট করেন। শ্রমিকদের হামলায় গুরুতর আহত প্রতাপ, সুমন ও লতিফকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর জেলা ট্রাকমালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম জানান, শনিবার ট্রাকমালিক সমিতির কার্যালয়ে ভাড়া বন্দোবস্তকারী সংগঠনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে ট্রাকশ্রমিকেরা ঘটনাস্থলে এসে প্যান্ডেল গুঁড়িয়ে দেন। দিনাজপুর ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, আইন অনুযায়ী ট্রাকমালিকেরা ট্রাক ভাড়া বন্দোবস্তকারী কোনো সংগঠন করতে পারেন না। শ্রমিকেরা এতে ক্ষুব্ধ হয়ে তাঁদের উদ্যোগ নস্যাত্ করে দিয়েছেন।চারটি সংগঠনের সংবাদ সম্মেলনট্রাকমালিক গ্রুপের কার্যালয় এবং একজন ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ট্রাকশ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামীকাল মঙ্গলবার থেকে ট্রাক ধর্মঘট এবং বুধবার দিনাজপুর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানায় সকাল-সন্ধ্যা ধর্মঘট ডাকা হবে। গতকাল রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জেলা ট্রাকমালিক গ্রুপ, জেলা আড়তদার মালিক গ্রুপ এবং জেলা চালকল মালিক গ্রুপের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।