দিনাজপুরে ট্রাকে পেট্রলবোমা হামলায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুরে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া ট্রাক। ছবি : আসাদুল্লাহ সরকার।
দিনাজপুরের হাকিমপুরে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া ট্রাক। ছবি : আসাদুল্লাহ সরকার।

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পেঁয়াজবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমার আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের মালিক শাহনেওয়াজ মণ্ডল (৩০) ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী মো. আদিলুর রহমান (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ইউসুফ আলী, চালকের সহকারী শাহজাহান ও শ্রমিক সুমন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব প্রথম আলোকে জানান, ট্রাকটি হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ নিয়ে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর যাচ্ছিল। ট্রাকটির চালক মো. ইউসুফ আলী, মালিক শাহনেওয়াজ মণ্ডল, পেঁয়াজ ব্যবসায়ী মো. আদিলুর রহমান, সহকারী শাহজাহান ও শ্রমিক সুমন পাঁচজনই ট্রাকের কেবিনে ছিলেন। হিলি স্থলবন্দর থেকে ঘোড়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি হাকিমপুর উপজেলার ইটাই বাওনা নামক স্থানে পৌঁছালে ট্রাকচালককে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে অবরোধকারীরা। এতে ট্রাকে আগুন ধরে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি রাস্তার উত্তর পাশে জমিতে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক ইউসুফ আলী, চালকের সহকারী শাহজাহান ও শ্রমিক সুমনের শরীরে আগুন লাগলেও তাঁরা ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু কেবিনে থাকা ট্রাকের মালিক ও পেঁয়াজ ব্যবসায়ী ট্রাক থেকে বের হতে পারেননি। দুজন আগুনে পুড়ে মারা যান।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো, শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে হিলি ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন  নেভায়। অবশ্য এর আগেই ট্রাকটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। ভোর ছয়টার দিকে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে নিহত দুজনের লাশ উদ্ধার করে।