দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
দিনাজপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাউগাঁ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চিরিরবন্দর উপজেলার কালীগঞ্জ গ্রামের সাজ্জাদ হোসেন (২৮) ও মো. মাজেদুর রহমান (৪৫)। একই এলাকার আহত মকসেদ আলী (২২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সাজ্জাদ, মাজেদুর ও মকসেদ মোটরসাইকেলে চিরিরবন্দর থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। দুপুর ১২টায় সদর উপজেলার কাউগাঁ মোড়ে পৌঁছালে সবজিবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সাজ্জাদ হোসেন (২৮) নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহীকে স্থানীয় লোকজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর মাজেদুর রহমান (৪৫) মারা যান।