দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় গতকাল শনিবার রাতে ট্রাকের ধাক্কায় আবদুর রশিদ (৬৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সঙ্গে থাকা তাঁর ছোট ভাই শের আলীকে (৬৬) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দিনাজপুর সদর থানার কাঞ্চন কলোনি এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল চালিয়ে বোচাগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন আবদুর রশিদ। মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন তাঁর ছোট ভাই শের আলী। বিরল উপজেলার ধুকুরঝাড়ী এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুর রশিদ। 

আহত শের আলীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।