দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক গোসাঁই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে সুকুমার গোস্বামী (৬০) নামের এক গোসাঁই নিহত হয়েছেন। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনমাস্টার হাবিবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র ট্রেনটি ফুলবাড়ী রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর তিনি খবর পান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এরপর তিনি পার্বতীপুর জিআরপি থানায় খবর দেন।

খয়েরবাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য রাখাল চন্দ্র নিহত সুকুমার গোস্বামীর পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত সুকুমার একজন গোসাঁই। তিনি নিয়মিত খয়েরবাড়িতে এসে ভক্তদের মন্ত্র দিয়ে আবার ট্রেনে করে তাঁর বাড়ি আক্কেলপুর যেতেন। ঘটনার দিনও তিনি খয়েরবাড়ি এলাকায় মন্ত্র দিয়ে বিকেল পাঁচটায় চলে যান। রাত আটটায় তাঁরা খবর পেয়ে এসে দেখেন, তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মনিরুল ইসলাম জানান, রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিবারের কারও খোঁজ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।