দিনাজপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি একজন নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামে গত বুধবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। গ্রামবাসী ও পুলিশের ভাষ্যমতে, বুধবার রাত দেড়টার দিকে পশ্চিম সাঁইতাড়া গ্রামের গোলকচন্দ্র রায়ের বাড়িতে সশস্ত্র ডাকাতদল হামলা করে। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। বাড়ি থেকে পালানোর সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে ডাকাতেরা। এ সময় ডাকাতদলের এক সদস্য ধরা পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকে পিটুনি দেয়।গোলকচন্দ্রের ছেলে চিত্তরঞ্জন রায় বলেন, ডাকাতির একপর্যায়ে তিনি সুযোগবুঝে তাঁর মুঠোফোন থেকে গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী একজোট হয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় একজন ডাকাত জনতার হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকে পিটুনি দেয়।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ডাকাতি হচ্ছে খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছার পর পুলিশ জনতার হাত থেকে মুমূর্ষু অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ওসি বলেন, ডাকাতির ঘটনায় গোলকচন্দ্র রায়ের ছেলে চিত্তরঞ্জন রায় অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।