দিনাজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও স্টুডেন্টস ইনোভেশন ক্যাম্প শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল বেলা তিনটায় জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলায় সরকারি-বেসরকারি মিলে মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহকারী পরিচালক মাহমুদুল ইসলাম, পলিসি বিশেষজ্ঞ খন্দকার মো. নাজমুল হুদা প্রমুখ এ সময় আলোচনায় অংশ নেন।
দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার বিকেলে স্টুডেন্টস ইনোভেশন ক্যাম্পের চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমীন হক যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।