দিনাজপুরে তথ্যপ্রযুক্তি উৎসব
গাছগাছালিতে ভরা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমনিতেই সুবজ। এই সবুজের সঙ্গে নানা রঙের পতাকা, ব্যানার-ফেস্টুন মিলে পুরো প্রাঙ্গণ হয়ে উঠেছে রঙিন। এর সঙ্গে মিলেছে তারুণ্যের উচ্ছ্বাস। সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন মুখরিত।রঙিন টুপি আর উৎসবের গেঞ্জি পরে অতিথি, শিক্ষার্থী আর শিক্ষকদের বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল শনিবার সকালে শুরু হয় উৎসব। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি উৎসব ২০১০-এর উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।প্রতিমন্ত্রী বেশ কিছু উদাহরণ টেনে বলেন, ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার কাজ অনেকটাই হচ্ছে। এখন শুধু একে এগিয়ে নিতে হবে। এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা যে এভারেস্ট জয় করতে পারে, তা দেখিয়েছে মুসা ইব্রাহীম। তাই বাংলাদেশের তরুণেরা তথ্যপ্রযুক্তিতেও সাফল্য দেখাতে পারবে।উপাচার্য এম আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন রুহুল আমিন, প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন ও উৎসবের সদস্যসচিব মমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান আবিদা মাহজাবিন।উত্তরবঙ্গের মঙ্গা নিরসনে মোবাইল ফোন প্রযুক্তি কীভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে, সে ব্যাপারে গবেষণা করতে বিশ্ববিদ্যালয়কে পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দেয় গ্রামীণফোন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু ও ৩০টি কম্পিউটারের একটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে দেবে বিসিসি। উৎসব উদ্বোধনের পর ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবাসংক্রান্ত একটি চুক্তি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের মধ্যে। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে ২ এমবিপিএস গতির ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দেবে গ্রামীণফোন। চুক্তিপত্রে সই করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লতিফুর রহমান ও গ্রামীণফোনের হেড অব ডিরেক্টর, ডাইরেক্ট সেলস এ এস এম শাকিল।এ নিয়ে দ্বিতীয়বারের মতো তথ্যপ্রযুক্তি উৎসবের আয়োজন করল হাজী দানেশ বিশ্ববিদ্যালয়। তিন দিনের উৎসবে কম্পিউটার মেলা, সফটওয়্যার প্রকল্পের প্রদর্শনী, গেমস প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে ‘উত্তরবঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আগামীকাল হবে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবসের পৃষ্ঠপোষকতায় আজ তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উৎসবে প্রথম আলো জবসের স্টলে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হচ্ছে।এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন, সহপৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সহযোগিতা করছে প্রথম আলো। আর বিশেষ কৃতজ্ঞতা এসার, প্রথম আলো জবস ডট কম ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।উত্তরবঙ্গের ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে মডেম প্রদান: গতকাল সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলার ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব সংস্কার ও মডেম কেনার জন্য অনুদান দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।