দিনাজপুরে তিন মাসে ১৮ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গত তিন মাসে ১৮টি হত্যাকাণ্ড, ছয়টি ডাকাতিসহ বেশ কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিদিন হাজার হাজার বোতল ফেনসিডিল, ইয়াবা বড়ি, হেরোইন, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য সীমান্ত পার হয়ে দিনাজপুরে ঢুকছে। গত বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসে জেলায় ১০টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া জুন ও জুলাই মাসে আটজন খুন হয়েছে। এলাকায় একাধিক ডাকাতি, খুন ও অ্যাসিড ছোড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ লোকজন। পুলিশের দায়িত্বহীনতার কারণেই এ ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
গত বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সমেঞ্চলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে এ সভায় সিভিল সার্জন মউদুদ হোসেন বলেন, ভারতীয় সীমান্ত দিয়ে প্রতিদিন দিনাজপুরে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য আসছে। এতে কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের ফলে জেলায় মাদকসেবীদের মধ্যে এইচআইভি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সভায় আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি আলতাফুজ্জামান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারেক শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতাদের দৌরাত্ম্যের কথা স্বীকার করেন।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, এক বছরে জেলায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু পুলিশ একটি খুনের ঘটনারও প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। অপর দিকে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, তিন মাসে জেলায় ১৮ জন খুন হওয়া কোনো উদ্বেগজনক ঘটনা নয়। বিভিন্ন উপজেলায় বিচ্ছিন্নভাবে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মানবাধিকারকর্মী তৈয়বা বেগম জানান, খুন ও ছিনতাইয়ের বিষয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ বলেন, সাম্প্রতিক সময়ের এসব ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধসহ আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।