নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের মারধরের ঘটনায় দিনাজপুরের পার্বতীপুর ও নবাবগঞ্জ থানায় তিনটি মামলা হয়েছে। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ সহস্রাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে এসব মামলা হয়েছে।
তবে এক মামলায় ১৪ বছরের এক কিশোর এবং অপর এক মামলায় পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকেও আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের দিন পার্বতীপুরের কমপক্ষে ২২টি ভোটকেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা এসব কেন্দ্রে দায়িত্ব পালনকারী নিরাপত্তা কর্মচারীদের মারধর, ব্যালট বাক্স ভাঙচুর, ছিনতাই ও অগ্নিসংযোগ করে ভোট গ্রহণ ভন্ডুল করে দেয়। এসব অভিযোগে উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পবন কুমার গত রোববার উপজেলা যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকার আইন দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রায়হান (পুলিশের গুলিতে নিহত) ও অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া একই দিন মন্মথপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নুরুল আমিন সরকার ১৪ বছরের কিশোর হাসান আলীসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নবাবগঞ্জের আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫০০-৬০০ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা দাউদপুর কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শাহাদাৎ হোসেন চৌধুরী গত মঙ্গলবার বিকেলে ওই মামলা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল আবু সাইদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল বুধবার উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।