দিনাজপুর জেলা বিএনপি গতকাল শনিবার পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি। দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করতে তারা বাধ্য হয়েছে।গতকাল দুপুরে শহরের গণেশতলা জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায়, দলের সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের প্রায় ৫০ জন সদস্য বেষ্টনী রচনা করে মিছিলটিকে ঠেকিয়ে দেন। এ অবস্থায় জেলা বিএনপির নেতারা দলীয় কার্যালয়ের প্রবেশমুখে বসে পড়েন। নেতা-কর্মীরা সেখানে বসেই সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, জেলা কমিটির সহসভাপতি খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, কোতোয়ালি বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।