দিনাজপুরে দায়িত্ব নিয়েছেন নতুন বিশপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাদার সেবাস্টিয়ান টুডু দিনাজপুর ক্যাথলিক ধর্মপ্রদেশের নতুন বিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।গত শনিবার বিকেল চারটায় এবং ভ্যাটিকান সময় দুপুর ১২টায় পোপ ষোড়শ বেনেডিক্ট একযোগে ভ্যাটিকান ও দিনাজপুর ধর্মপ্রদেশ থেকে ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে ফাদার সেবাস্টিয়ান টুডুকে বিশপ মনোনীত করা হয়। ভ্যাটিকান সিটি থেকে অনুষ্ঠানটি দিনাজপুর বিশপ হাউসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রচার করা হয়। ফাদার, সিস্টার, স্থানীয় খ্রিষ্টভক্তসহ বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।পোপ ষোড়শ বেনেডিক্টের দেওয়া বিশপ পদের মনোনয়নপত্রটি দিনাজপুর বিশপ হাউসে পাঠ করেন দিনাজপুর ধর্মপ্রদেশের প্রশাসক ফাদার যোসেফ মারান্ডি। ফাদার সেবাস্টিয়ান টুডু বাংলাদেশের আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর প্রথম বিশপ। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাতানা গ্রামে। ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর তিনি যাজকীয় অভিষেকে যোগ দেন। এরপর মেজর সেমিনারিতে দর্শনশাস্ত্র ও ঐশ্বতত্ত্ব অধ্যয়ন শেষে তিনি ইতালির রোমে অবস্থিত উর্বানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ‘মিসিওলজি’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দিনাজপুরের সাবেক বিশপ মজেস কস্তা, সিএসসি গত ২৪ মে বদলি হয়ে চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দিনাজপুর ক্যাথলিক ধর্মপ্রদেশ উত্তরবঙ্গের নয়টি জেলা নিয়ে গঠিত।