দিনাজপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের উত্তর কাঞ্চন কলোনি মহল্লায় গতকাল মঙ্গলবার দুই নারীর মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে তাঁদের পরিবার ও পুলিশ দাবি করেছে, বিষ মেশানো ইসবগুলের ভুসির শরবত পান করিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে।
নিহত দুই নারী হলেন উত্তর কাঞ্চন কলোনি মহল্লার যবেদ আলীর স্ত্রী দিলারা জাহান (৬৫) ও শাহজাহান আলীর স্ত্রী জুলেখা বেগম (৬০)। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের কয়েকজন সদস্য ও পুলিশ জানায়, উত্তর কাঞ্চন কলোনি এলাকায় যবেদ আলীর একটি দুইতলা বাড়ি আছে। গতকাল দুপুরে ওই বাড়ির ভাড়াটে দুলাল হোসেন (৩২) ও তাঁর স্ত্রী (২৮) ইসবগুলের ভুসির শরবত তৈরি করে বাড়ির মালিক যবেদ আলীর স্ত্রী দিলারা জাহান ও তাঁর দুই ভাড়াটে জুলেখা বেগম ও নসু মিয়ার স্ত্রী ময়নাকে পান করতে দেন। শরবত পান করার পর তাঁরা তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
যবেদ আলী জানান, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিলারা মারা যান। ময়নাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জুলেখা বেগমকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল চারটায় চিকিৎসাধীন অবস্থায় জুলেখা মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিপজুর আলম মুন্সি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ভাড়াটে দুলাল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, নিহত নারীদের পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
দুলাল হোসেন দাবি করেন, তিনি ইসবগুলের ভুসির শরবতের সঙ্গে বিষ মেশাননি। তাঁর স্ত্রী দাবি করেন, দুলাল বিষ মিশিয়ে তাঁকে (স্ত্রীকে) ইসবগুলের ভুসির শরবত পান করতে দিয়েছিলেন। সন্দেহ হওয়ায় তিনি ওই শরবত দিলারা, ময়না ও জুলেখাকে পান করতে দেন। পান করার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। কেন তাঁদের ওই শরবত খেতে দিলেন জানতে চাইলে তিনি চুপ থাকেন।