দিনাজপুরে দুই যুবক, পাবনায় তরুণীর লাশ উদ্ধার
দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীর পাশ থেকে গত বৃহস্পতিবার রাতে জবাই করা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পাবনার সুজানগর উপজেলার বকশির বিল থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর অর্ধগলিত লাশ।নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগকাজী গ্রামের কাজল (৩২) ও পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের রাইশিমুল গ্রামের রেহানা খাতুন (২০)। নিহত অন্য যুবকের পরিচয় পাওয়া যায়নি। কাহারোল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাহারোলের দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভাদগাঁ সেতুর নিচে ঢেপা নদীতে বালু নিতে যাওয়া ট্রাক্টরের চালক ও শ্রমিকেরা গলাকাটা অবস্থায় দুই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেন। লাশ উদ্ধারের পর গতকাল সকালে নদীর ধারে ধানখেত থেকে কাজলের মাথা পাওয়া যায়। তাঁর পকেটে থাকা মুঠোফোন থেকে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।ওসি আরমান বলেন, নদীর ধারে যে স্থানে লাশ পাওয়া গেছে সেখানে সামান্য রক্ত পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও খুন করে ঢেপা নদীর ধারে এনে খুনিরা লাশ ফেলে গেছে। গতকাল দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে কাজলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত পরিচয় যুবকের লাশ মর্গে রাখা হয়েছে।এ ব্যাপারে কাজলের চাচা মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে কাহারোল থানায় হত্যা মামলা করেছেন। আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, কাজল দুই দিন আগে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর খোঁজ ছিল না। সুজানগরের রানীনগর ইউনিয়নের শাড়িরভিটা বকশির বিল থেকে উদ্ধার হওয়া নিহত রেহানার বাবা ইয়াকুব আলী বলেন, গত শনিবার সকালে রেহানা বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সুজানগর থানার ওসি আহসানুল হক বলেন, ধারণা করা হচ্ছে দু-তিন দিন আগে রেহানাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বিলে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহত রেহানার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।