দিনাজপুরে দুই লাইনম্যানের মুক্তির দাবিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১৪টি জোনাল ও আঞ্চলিক কার্যালয়ের দুই শতাধিক লাইনম্যান-কর্মচারী গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করছেন। দুই সহকর্মীর মুক্তি এবং সমিতির চারজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আল আমিন বলেন, সমিতির মহাব্যবস্থাপকের গাফিলতি এবং কর্মকর্তারা অবৈধ সংযোগকারী মফিজ উদ্দিনের পক্ষ অবলম্বন করায় সমিতির কর্মকর্তাদের নির্দেশ পালন করতে গিয়ে নিরীহ লাইনম্যানরা মামলার আসামি হয়ে কারাগারে গেছেন। এই অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন চলবে।
লাইনম্যান ও কর্মচারীরা অভিযোগ করেন, কর্মকর্তাদের নির্দেশে বিরল উপজেলার প্রভাবশালী এক ব্যক্তির বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় ওই ব্যক্তি ‘মিথ্যা’ মামলা করেন। এরপর পুলিশ আসামিদের হয়রানি করতে থাকে। পুলিশি হয়রানি থেকে মুক্তি পেতে তাঁরা সমিতির মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলীর নির্দেশনা অনুযায়ী ২২ জুলাই দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিনের জন্য হাজির হন। কিন্তু আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জহুরুল ইসলাম ও সঞ্চয় সরকারকে কারাগারে পাঠান।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, পল্লী বিদ্যুৎ-১ কার্যালয়ে সমিতির লাইনম্যানসহ সব কর্মচারী কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছেন। পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করছেন।
এ ঘটনা তদন্তে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক শাহীন চৌধুরীকে প্রধান এবং সহকারী উপমহাব্যবস্থাপক নজরুল ইসলামকে সদস্য করে কমিটি গঠিত হয়। কমিটি মহাব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দেয়।