দিনাজপুরে দুটি লাশ উদ্ধার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর ও বিরল উপজেলা থেকে গতকাল বুধবার পুলিশ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, গতকাল সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার রানীগঞ্জ এলাকায় রাস্তার পাশে ধানখেত থেকে দেলোয়ার হোসেনের (৩২) লাশ উদ্ধার করে। ধানখেতের অদূরেই তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি পড়েছিল। তাঁর পকেটে নগদ ১০ হাজার টাকা ও ব্যক্তিগত মুঠোফোন ছিল। এ ছাড়া মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, দেলোয়ারের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায়। বাবার নাম মো. মকসেদ আলী। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে দেলোয়ারের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে বিরল থানার পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় জনতা পাকুড়া পুরাতন ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থান থেকে মিলন পারভেজের (৩২) মৃতদেহ উদ্ধার করে। মিলন ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। মিলনের মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাঁর পা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে মিলনকে হত্যা করে কবরস্থানে ফেলে রাখা হয়। বিরল থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, নিহতের বড় ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে মিলনের বন্ধু বালান্দোর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে সরোয়ার হোসেনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। মাসুদ পারভেজ জানান, সোমবার রাত আটটার দিকে সরোয়ারের সঙ্গে মিলন মোটরসাইকেলযোগে পাকুড়া বাজার থেকে বিরলের উদ্দেশে রওনা দেন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। সকালে পুলিশ লাশের সন্ধান দেয়। ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে মিলনের লাশ দাফন করা হয়েছে।