দিনাজপুরে দ্বিতীয় পদার্থবিজ্ঞান উৎসব আগামীকাল
দিনাজপুর জিলা স্কুলে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় দিনাজপুর পদার্থবিজ্ঞান উৎসব ২০১১’। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উৎসবের উদ্বোধন এবং দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে আয়োজক সংগঠন দিনাজপুর সায়েন্স একাডেমি সূত্রে জানা গেছে।সায়েন্স একাডেমির সহসভাপতি ও উৎসব কমিটির আহ্বায়ক জিয়াউল হক জানান, দিনাজপুর সায়েন্স একাডেমির উদ্যোগে ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব সফল করতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানের শিক্ষকদের নিয়ে একাধিক সভা করা হয়েছে। জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই তিনটি বিভাগে মোট এক হাজার শিক্ষার্থী উৎসব ও প্রতিযোগিতায় অংশ নেবে। একক ও দলীয় দুটি পদ্ধতিতে প্রতিযোগিতা হবে। একক প্রতিযোগিতায় তিনটি বিভাগ থেকে ১৫ জন করে ৪৫ এবং দলীয় প্রতিযোগিতায় দুটি বিভাগ থেকে ১৮ জনসহ মোট ৬৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্বে বুদ্ধিদীপ্ত প্রশ্ন ও উত্তরের জন্যও আকর্ষণীয় পুরস্কার আছে। এ ছাড়া মাল্টিমিডিয়ার মাধ্যমে পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে থাকবে আকর্ষণীয় ডকুমেন্টারি।