দিনাজপুরে নকল ওষুধ কারখানার মালিকদের দণ্ড
দিনাজপুরে নকল আয়ুর্বেদী ওষুধ তৈরির দুটি কারখানার মালিককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উদ্ধার করা ওষুধ, কাঁচামালা ও লেবেল ধ্বংস করে কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
দিনাজপুর র্যাব-১৩-এর অধিনায়ক মেজর খালিদ ইবনে হোসেন বলেন, র্যাব সদস্যরা গত সোমবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত দিনাজপুর শহরের ষষ্ঠীতলা ও রাজবাটি মহল্লায় অভিযান চালান।
বিকেলে ষষ্ঠীতলা এলাকার এনএ ফার্মা ল্যাবরেটরিজ (আয়ু) নামে নকল ও ভুয়া আয়ুর্বেদী ওষুধ তৈরির কারখানার মালামাল জব্দ করে সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক ওবায়দুল্লাহ ওরফে বাবুকে গ্রেপ্তার করে র্যাব।
রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম তলস্তয় কারখানার মালিক ওবায়দুল্লাহকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।
একই সময়ে র্যাব সদস্যরা শহরের রাজবাটি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে ‘বেঙ্গল আয়ুর্বেদিক ঔষধ’ নামে একটি নকল ওষুধ কারখানার সন্ধান পান। পরে কারখানার মালিক সাদেক আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।