দিনাজপুরে ১৪৪ ধারা জারির কারণে গতকাল শুক্রবার পূর্বনির্ধারিত স্থানে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের মজলিসে শূরা সম্মেলন হয়নি। সম্মেলনের জন্য শহরের চাউলিয়াপট্টি এলাকার আদর্শ হাই স্কুল মাঠ ও বিকল্প স্থান হিসেবে লোকভবন নির্ধারণ করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ দুটি স্থানের পাশে একই দিন একই সময় সমাবেশের ডাক দেয়। এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট ওই দুটি স্থানে ১৪৪ ধারা জারি করেন। পরে পুলিশ পাহারায় দলের জেলা কার্যালয়ে এ সম্মেলন হয়। জামায়াতের নেতাদের আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ জনতা শহরের একটি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়।এলাকাবাসী জানায়, জামায়াতের পূর্বনির্ধারিত সম্মেলনস্থলের পাশে গত বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশের ডাক দেয়। সন্ধ্যায় শহরে মশাল মিছিল করে তারা জামায়াতের সম্মেলন প্রতিরোধের ঘোষণা দেয়।এ ব্যাপারে দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী বলেন, জামায়াতের শূরা সম্মেলনের জন্য নির্ধারিত দুটি স্থানের পাশেই মুক্তিযোদ্ধারা সমাবেশের ডাক দেন। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করা হয়।দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম জানান, ১৪৪ ধারা জারির কারণে স্থান পরিবর্তন করে পাহাড়পুরে দলীয় কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল জামায়াতের সম্মেলন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে আলাদাভাবে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তাদের সঙ্গে অনেক সাধারণ মানুষ যোগ দেয়। এর আগে জনতা তৈয়বা মজুমদার রক্ত সঞ্চালন কেন্দ্রে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত বৃহস্পতিবার রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বেশ কয়েকজন নেতা এ কেন্দ্রের অতিথিশালায় ওঠেন।মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস হোসেন বলেন, ‘সরকার যুদ্ধাপরাধীদের বিচারে সব প্রস্তুতি নিয়েছে। এ বিচার-প্রক্রিয়া নস্যাত্ করতে নানা ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে দিনাজপুরে জামায়াতের শূরা সম্মেলনের ডাক দেওয়া হয়। মুক্তিযোদ্ধা-জনতা তাদের ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়েছে।’পাহাড়পুরে অনুষ্ঠিত শূরা সম্মেলনে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান, বগুড়া জেলা আমির সাহাবুদ্দিন আহম্মেদ প্রমুখ।