দিনাজপুরে নির্বাচন নিয়ে উত্তাপ-আগ্রহ নেই এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে শীত জেঁকে বসেছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ৩০ ডিসেম্বর দিনাজপুর পৌরসভা নির্বাচন। কিন্তু এই নির্বাচন ঘিরেও কোনো উত্তাপ নেই। সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আগ্রহও নেই।
গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘুরে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। অবশ্য কেউ কেউ বলেছেন, নির্বাচন যদি ‘সুষ্ঠু’ হয় তাহলে যাঁকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, তাঁকে ভোট দেবেন।
ভোট দেবেন না—জানতে চাইলে শহরের স্টেশন রোডের ৬৪ বছর বয়সী পানের দোকানদার মো. ইসরাফিল ক্ষোভের সঙ্গে বলেন, ২০ টাকা রিকশা ভাড়া খরচ করে ভোট দিয়ে কী হবে? ভোট দিলে কি কোনো কাজে লাগবে?
মডার্ন মোড়ের দোকানি আবদুল আজিজ বললেন, এখনো নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো আলোচনা নেই।
তবে মানুষের মধ্যে আগ্রহ কম থাকলেও বড় দুই দলের মেয়র প্রার্থীরা বুধবার থেকে জনসংযোগ শুরু করেছেন। বাকি প্রার্থীরা প্রতীক বরাদ্দের অপেক্ষায় আছেন।
৩০ ডিসেম্বর দিনাজপুর জেলায় পাঁচটি পৌরসভার নির্বাচন হলেও প্রায় ১৫০ বছরের পুরোনো দিনাজপুর পৌরসভা নির্বাচনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এটি আয়তনে যেমন বড় তেমনি জেলার রাজনীতিও নিয়ন্ত্রণ হয় এখান থেকে। আবার এই পৌরসভাটি সিটি করপোরেশন হবে—এমন আলোচনাও চলছে শহরে।
দিনাজপুর পৌরসভা কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, ব্রিটিশ আমলে ১৮৬৯ সালে এই পৌরসভা গঠিত হয়। প্রথম শ্রেণির এই পৌরসভায় মোট জনসংখ্যা প্রায় ২ লাখ। এর মধ্যে ভোটার ১ লাখ ১৬ হাজার ৭৯০ জন। ভোটারদের মধ্যে ৫৯ হাজার ৬৯৭ জনই নারী। এলাকার সচেতন কয়েকজন ব্যক্তি বললেন, এই নারী ভোটাররাই প্রার্থীদের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবেন।
এলাকার মানুষ বলছেন, এই পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী হলেও মূলত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম এবং বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরে জাতীয় পার্টির প্রার্থী আবদুল মোতালেব এবং স্বতন্ত্র হিসেবে আলতাফ উদ্দিন ও ফয়সাল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের দেওয়া হলফনামা অনুযায়ী, আনোয়ারুল ইসলাম ঠিকাদার ও সরবরাহকারী। ব্যবসা থেকে বছরে তাঁর আয় ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ টাকা। তাঁর ঋণ আছে ৭০ লাখ ৩৫ হাজার ৮৯৮ টাকা।
ঠিকাদার ও সরবরাহকারী হওয়ায় মেয়র হলে স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক অব ইন্টারেস্ট) হবে কি না, এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, তিনি পৌরসভাকেন্দ্রিক ব্যবসা করেন না। ফলে কোনো সমস্যা হবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, সময় কমের কারণেই এমনটা হয়ে থাকতে পারে।
বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ৩ ডিসেম্বর মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করলেও বুধবার আদালত এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তিনি মনে করেন বিভিন্ন পৌরসভা থেকে বিএনপির মেয়রদের সরিয়ে দেওয়ার ধারাবাহিকতায় তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়। আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা আছে বলে জানালেন তিনি।
হলফনামা অনুযায়ী, জাহাঙ্গীর আলমের পেশা সাধারণ ব্যবসায়ী।
জেলা সচেতন নাগরিক কমিটির সহসভাপতি আইনজীবী নীলুফার রহীম বলেন, শহরের অনেকের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রিয়তার চেয়ে যাঁকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, তাঁকেই ভোট দেবেন মানুষ।
ফুলবাড়ীর ‘ফ্যাক্টর’ কয়লাখনি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মেয়র পদে প্রার্থী ১০ জন। এঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান আলী সরকার। বিএনপির প্রার্থী শাহাদাত আলী সাহাজুল। উল্লেখযোগ্য স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনিবিরোধী আন্দোলনের নেতা মর্তুজা সরকার মানিক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির স্থানীয় নেতা সৈয়দ সাইফুল ইসলাম। ফুলবাড়ীর বেশ কয়েকজন বাসিন্দা বললেন, তাঁরা মনে করছেন এখানে সুষ্ঠু ভোট হলে যাঁরা ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনির বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁরাই ভালো করতে পারেন।
বীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন, বিএনপির প্রার্থী আমিরুল বাহার ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র জামায়াতে ইসলামীর মোহাম্মদ হানিফের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
জেলার হাকিমপুর ও বিরামপুর পৌরসভার নির্বাচনও হবে ৩০ ডিসেম্বর।