দিনাজপুরে নেতার লাশ নিয়ে মিছিল, বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. তোফাজ্জল হোসেনের লাশ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। মাদক ও দাদন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের লোকজনের হাতে তিনি খুন হন বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়।এদিকে তোফাজ্জলের স্ত্রী মোসাম্মাৎ তৌহিদা আকতার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কয়েক শ নারী-পুরুষ মিছিল করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। তাঁরা সেখানকার মর্গ থেকে ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফাজ্জলের লাশ বের এনে আবার মিছিল করেন। মিছিলকারীরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জুমার নামাজ শেষে বিরল উপজেলার কোকইডাঙ্গা পাঁচ পীর গোরস্তানে তাঁর দাফন সম্পন্ন হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসি (তদন্ত) হিফজুর আলম জানান, ওই হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য মো. জিল্লুর রহমানকে। এতে জিল্লুর রহমানের স্ত্রী শাপলা বেগম ও দপ্তরী পাড়া এলাকার বাসিন্দা আবদুল জলিলসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকেও আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা তিন আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।মাদক ও দাদন ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তোফাজ্জল হোসেন (৩০) খুন হন। এর আগে ২ মার্চ তাঁর প্রতিপক্ষ জিল্লুর গ্রুপের সদস্য মাসুদ রানা (২৫) তোফাজ্জলের লোকজনের হাতে নিহত হন। এলাকাবাসীর মতে, মাসুদ নিহত হওয়ার ছয় মাস পর তোফাজ্জলকে হত্যার মধ্য দিয়ে ওই হত্যার বদলা নিয়েছে জিল্লুর গ্রুপ। পাল্টাপাল্টি খুনের জের ধরে দুই গ্রুপের দ্বন্দ্ব এখন চরমে উঠেছে।