অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি জানিয়েছেন দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাহাদুর বাজার চত্বরে এক পথসভায় তাঁরা এ দাবি জানান। তাঁরা বলেন, ১৯৭১ সালে যারা গণহত্যা চালিয়েছিল, অবিলম্বে তাদের বিচার করতে হবে।দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ফোরামের জেলা ডেপুটি কমান্ডার সাইফুদ্দিন আখতার, আবু তালেব, সিদ্দিক গজনবী, আওয়ামী লীগের নেতা ফারুকুজ্জামান চৌধুরী, দিনাজপুর জেলা সিপিবির সভাপতি মো. আলতাফ হোসাইন, ন্যাপের নেতা তারিক মো. সাইফুল ইসলাম, জাসদের নেতা লিয়াকত আলী ও গণতন্ত্রী পার্টির নেতা রফিক চৌধুরী।বক্তারা বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীন দল যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের এক বছর পার হলেও সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না।