দিনাজপুরে পদার্থ বিজ্ঞানের উৎসব
দিনাজপুর জিলা স্কুলে গতকাল শুক্রবার চতুর্থ পদার্থবিজ্ঞান উৎসবের রংপুর বিভাগীয় প্রতিযোগিতা হয়। উৎসবের উদ্বোধন করেন হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায়।
বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের উদ্যোগে ও দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে উৎসবে রংপুর বিভাগের আট জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কুয়াশায় ঢাকা আকাশ, ঝিরঝির শিশির বৃষ্টি ও কনকনে ঠান্ডা হাওয়া উপেক্ষা করে স্বাগতিক দিনাজপুরসহ আট জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সকাল নয়টা থেকে দিনাজপুর জিলা স্কুলে জড়ো হতে থাকে।
দিনাজপুর স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অধ্যাপক বলরাম রায় জাতীয় পতাকা, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন আকতার বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের পতাকা ও দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার দিনাজপুর সায়েন্স একাডেমির পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী বক্তব্যে বলরাম রায় বলেন, বিজ্ঞানচর্চা ছাড়া দেশের অগ্রযাত্রা সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানচর্চায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। স্কুলের ২২টি কক্ষে দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা হয়। এরপর দিনাজপুর সায়েন্স একাডেমির উদ্যোগে স্কুল মিলনায়তনে ‘অ্যাটমিক স্ট্রাকচার (আণবিক গঠন) অ্যান্ড স্ট্যান্ডার্ড মডেল অব পার্টিক্যালস’-এর ওপর ছয়টি ভিডিওচিত্র দেখানো হয়।
উৎসবে নিম্ন মাধ্যমিক বিভাগে ২২ জন, মাধ্যমিকে ২০ জন ও উচ্চমাধ্যমিকে আটজনসহ ৫০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে সনদ দেওয়া হয়। তারা জাতীয় পদার্থবিজ্ঞান উৎসবে অংশ নেবে।