দিনাজপুরে পদার্থবিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে গতকাল শুক্রবার পঞ্চম পদার্থবিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উৎসবের উদ্বোধন করেন।
দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে দিনাজপুর নিউক্লিয়ার মেডিসিন ও আলট্রা সাউন্ড সেন্টারের পরিচালক বি কে বোস, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীন শুভেচ্ছা বক্তব্য দেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
উদ্বোধনের পর বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার লিখিত পরীক্ষা হয়। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দিনাজপুর সদর, চিরিরবন্দর ও বিরল উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৪৩ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
বেলা তিনটায় পদার্থবিজ্ঞান ছাড়াও বিজ্ঞানের নানা বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিকাশ চন্দ্র সরকার, বি কে বোস প্রমুখ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
প্রতিযোগিতার ফলাফলে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তিনটি বিভাগে বিজয়ী ৬০ জন খুদে শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিনসহ অতিথিরা ক্রেস্ট তুলে দেন।