দিনাজপুরে পাঁচ রেস্তোরাঁকে জরিমানা
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার চায়নিজ রেস্তোরাঁসহ পাঁচটি খাবারের হোটেলকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন।
আদালত শহরের গণেশতলা এলাকার মার্টিন চায়নিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, নিমতলা এলাকার জীবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও তারেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই হাজার করে মোট চার হাজার টাকা, মুন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার এবং শহরের স্টেশন রোডে মামা বিরিয়ানি ও রেস্টুরেন্টের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আবুজর গিফারী ও মো. তমাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁরা বলেন, মার্টিন চায়নিজ রেস্টুরেন্টে কাঁচা গরুর মাংস, চাল, ভাত, নুডলস ও সবজি একই রেফ্রিজারেটরে গাদাগাদি অবস্থায় পাওয়া গেছে। তা ছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। অন্যদিকে তারেক হোটেল, জীবন হোটেল ও মামা বিরিয়ানি হোটেলের রান্নাঘর, সার্ভিস টয়লেট ও ড্রেন একই সঙ্গে রয়েছে। প্রতিটি রেস্টুরেন্টে বাসি ও পচা খাবার পাওয়া গেছে। এসব খাবার ড্রেনে ফেলে দেওয়া হয়েছে।