দিনাজপুরে পাঁচ লাখ লোক সমাগম চায় বিএনপি
১৮ দলীয় জোটের সমাবেশ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দিনাজপুর সফরকে কেন্দ্র করে দল ও জোটের নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে।দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী এই উদ্দীপনাকে ঈদ উৎসবের সঙ্গে তুলনা করেছেন।মুকুর চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের দ্বিতীয় দফা আন্দোলনের প্রথম জনসভাটি হবে ২৩ সেপ্টেম্বর দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে। সমাবেশে পাঁচ লাখ মানুষের সমাবেশ ঘটানোর প্রস্তুতি চলছে। সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর শহরের প্রতিটি প্রবেশমুখ ছাড়াও ভেতর দিয়ে যাওয়া প্রতিটি প্রধান রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণের কাজ চলছে। শহর ছাড়িয়ে সদরসহ ১৩টি উপজেলার গ্রামগুলোতে ব্যাপক মাইকিং ও পোস্টার লাগানো হচ্ছে। বিলি করা হচ্ছে লিফলেট। জনসভাকে সফল করতে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীবসহ একাধিক কেন্দ্রীয় নেতা দিনাজপুরে অবস্থান করছেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান সোমবার দিনাজপুরে এসেছেন। জেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ১৮ দলীয় জোটের জনসভা বলা হলেও এর চালকের ভূমিকায় রয়েছে বিএনপি।