দিনাজপুরে শিবিরের ৫ নেতা-কর্মী সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গ্রেপ্তার শিবিরের পাঁচ নেতা–কর্মীকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার পুলিশ দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক এস এম আহসানুল হক প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার রাতে পুলিশ দিনাজপুর শহরের রামনগর জামাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবির উত্তরবঙ্গ শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ছাত্রশিবির উত্তরবঙ্গ শাখার সভাপতি আমানুল্লাহ সরকার (২৫), সহসভাপতি হামিদুর রহমান (২৪) ও প্রচার সম্পাদক বিপ্লব হোসেন (২২), ছাত্রশিবিরের কর্মী তারেক আবেদীন (১৯) এবং আল আমিন (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনসহ শিবিরের ১০ নেতা–কর্মী শহরের রামনগর জামাইপাড়া এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়িতে বিভিন্ন নাশকতামূলক কাজের পরিকল্পনা, গোপন সভা করতেন তাঁরা। এমন সংবাদের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যান। ওই বাড়ি থেকে ল্যাপটপ, বিপুলসংখ্যক জিহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার পাঁচ ও পালিয়ে যাওয়া পাঁচ নেতা–কর্মীকে আসামি করে উপপরিদর্শক আবদুল মালেক একটি মামলা করেন। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ বলেন, আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।