দিনাজপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
দিনাজপুর শহরের বাঙ্গিবেচা ঘাটে পুনর্ভবা নদীতে গতকাল মঙ্গলবার গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজ উদ্দিন (১৫), রাজ (১৩) ও নাদিম (১৩) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।
সিরাজ উদ্দিন শহরের ঘাসিপাড়া মহল্লার আফসার উদ্দিনের ছেলে। আর রাজ আফসারউদ্দিনের ভাড়াটিয়া সাহাবুদ্দিনের ছেলে ও নাদিম আরেক ভাড়াটিয়া ইকবাল হোসেনের ছেলে। সিরাজ উদ্দিন পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী, রাজ একাডেমি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও নাদিম চেহেলগাজী স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদীতে এখন তেমন পানি থাকার কথা নয়। কিন্তু সেখানে অবৈধভাবে বালু তোলায় গভীর গর্তের সৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ওই তিন শিশু নদীর ওই গর্তের পাশে ঘোরাফেরা করছিল। এ সময় এক নারী ওই তিন শিশুকে ওই গর্তে নামতেও নিষেধ করেন। এরপরও দুপুরে ওই তিন শিশু সেখানে গোসল করতে নামে। পরে তারা তিনজনই ডুবে যায়। ওই নারী ওই তিন শিশুকে দেখতে না পেয়ে স্থানীয় ব্যক্তিদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিস থেকে দুজন ডুবুরি এসে ওই তিন শিশুর লাশ উদ্ধার করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারকে দেওয়া হয়েছে।
ওসি মো. খালেকুজ্জামান আরও বলেন, বছর চারেক আগে নাদিমের বড় ভাই একই জায়গায় গোসল করতে নেমে মারা যায়।