দিনাজপুরে পাল আমলের স্থাপত্যের সন্ধান
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পাল শাসনামলের একটি মন্দির ও একটি ইটের তৈরি স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি গবেষক দল এই মন্দির ও স্থাপত্যের সন্ধান পেয়েছে। গবেষক দলটি সেখানে গত ২৭ মার্চ থেকে প্রত্নতাত্ত্বিক খননকাজ চালাচ্ছে। গবেষক দলটির নেতৃত্বে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেন। তিনি জানান, ঘোড়াঘাটের পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে পানুর ঢিবিতে মন্দিরটির সন্ধান পাওয়া যায়। তবে এটি হিন্দু না বৌদ্ধদের মন্দির, তা খননকাজ শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। আর ইটের তৈরি স্থাপত্যটি পাওয়া গেছে ইউনিয়নের গোপালপুর ঈদগাহসংলগ্ন এলাকায়। গবেষক দলটি জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছানের নেতৃত্বাধীন গবেষক দল ২০১১ সালের আগস্ট মাসে ঘোড়াঘাটে একটি জরিপ চালানো হয়। সেই জরিপ অনুযায়ী উপজেলায় বিভিন্ন সময়ের ৫১টি প্রত্নস্থানকে নথিভুক্ত করা হয়। ওই জরিপে ধারণা করা হয়েছিল, বেলওয়া গ্রাম এলাকায় পরিখাবেষ্টিত একটি বসতি ছিল। সেই ধারণার ভিত্তিতেই গত ২৭ মার্চ থেকে বেলাওয়া গ্রামে পানুর ঢিবিতে ও গোপালপুরে খননকাজ শুরু করা হয়। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ প্রায় ৪০ জনের একটি দলের এই খননকাজ ৪০-৪৫ দিন চলবে। গবেষক দলটি আরও জানায়, এ পর্যন্ত উদ্ধার হওয়া লিপিগুলোর ভিত্তিতে অনুমান করা হচ্ছে, ঘোড়াঘাট এলাকার এই বসতি খ্রিষ্টীয় অষ্টম-নবম শতকের। বর্তমানে এখানে একমাত্র পানুর ঢিবিটিই টিকে রয়েছে। অন্য ঢিবিগুলো আগেই কেটে ফেলা হয়। সেখানে এখন চাষাবাদ করা হচ্ছে। অধ্যাপক স্বাধীন সেন বলেন, খননের ফলে ঘোড়াঘাটের আদি-মধ্যযুগ ও মধ্যযুগীয় মানববসতির ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে এবং তৎকালীন ভূমিরূপগত পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রাচীন বরেন্দ্র অঞ্চলের মানববসতির ইতিহাস জানার জন্য এই খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাকসুদা বেগম সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ঘোড়াঘাট একটি ঐতিহাসিক স্থান। ইতিহাস উন্মোচনে এখানকার প্রত্নতত্ত্ব আবিষ্কার ও রক্ষায় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।