দিনাজপুরে পুলিশ-জামায়াত সংঘর্ষে আহত ১৩
দিনাজপুরের খানসামায় গতকাল রোববার জামায়াতের নেতা-কর্মী ও পুলিশের মধ্যে এক সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, খানসামা উপজেলার পাকেরহাটে গতকাল সন্ধ্যায় স্থানীয় জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। তাঁরা অবিলম্বে শীর্ষনেতা গোলাম আযমসহ কারাগারে আটক তাঁদের নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। মিছিলে সরকারের বিরুদ্ধে নানারকম স্লোগান দেওয়া হয়। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে খানসামা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহিদুল, কনস্টেবল আসাদ, আ. রাহিম, পিয়ারুল, আবুল হাসেম, আ. মান্নান ও উপজেলা জামায়াতের কর্মী মজনু, মনিরুজ্জামানসহ তিনজন আহত হন। তবে জামায়াতের পক্ষ থেকে দলের ছয়জন কর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, জামায়াতের প্রায় দুই-আড়াই শ নেতা-কর্মী লাঠিসোঁটা ও রড নিয়ে মিছিল বের করেন। সেগুলো ফেলে দিতে বললে উচ্ছৃঙ্খল কর্মীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালান। তাঁরা লাঠি ও ইট ব্যবহার করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি ও এক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ছুড়েছে। গ্রেপ্তার করা হয়েছে আবদুল করিম ও আবদুস সাত্তার নামের দুই কর্মীকে। আহত এসআইসহ তিন পুলিশকে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও ওসি জানান। এদিকে জামায়াতের খানসামা উপজেলা আমির আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা গোলাম আযমের মুক্তির দাবিতে পাকেরহাট জিয়া মাঠ থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলটি সোনালী ব্যাংক পাকেরহাট শাখার কাছে গেলে পুলিশ কোনো কারণ ছাড়াই এর ওপর হামলা চালায়। এ সময় জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় তাঁদের ছয়জন কর্মী আহত হয়েছেন।জেলার পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুরুতর আহত পুলিশ সদস্যদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও তিনি জানান।