দিনাজপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা
দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামে পুলিশের ওপর হামলা ও ওয়্যারলেস সেট ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার আসামি ধরতে গেলে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর গতকাল শুক্রবার মামলাটি করেন। উত্তর শিবপুর গ্রামের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।কোতোয়ালি থানার পুলিশের ভাষ্যমতে, বুধবার রাত আড়াইটার দিকে থানার এসআই জাহাঙ্গীর ও এএসআই মোস্তাফিজুরসহ ১০ জন পুলিশ সদস্য সদর উত্তর শিবপুর গ্রামের মহবুলকে (৪০) বাড়ি থেকে গ্রেপ্তার করেন।অভিযান বিষয়ে কয়েকজন পুলিশ সদস্য অভিযোগ করেন, আসামিকে নিয়ে আসার সময় গ্রামবাসী তাঁদের ঘিরে ফেলে। পরে তারা তাঁদের মারধর করে এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তাঁদের কাছ থেকে একটি ওয়্যারলেস সেটও তারা ছিনিয়ে নেয় এবং তাঁদের আটকে রাখে।গ্রামবাসীর ভাষ্যমতে, গ্রামবাসীরা গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ তা দেখাতে পারেনি। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ওসি হাসান ইকবাল শামীম গ্রামবাসীকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে না পারার অভিযোগ অস্বীকার করেছেন।