দিনাজপুরে পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার সময় গতকাল শনিবার রাতে পুলিশের গুলিতে বাবুল হোসেন (৩৫) নামের বিএনপির একজন নেতা নিহত হয়েছেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, ১৮ দলের নেতা-কর্মীরা রাতে নশিপুর বাজারে বনভোজন করেন। রাত ১২টার দিকে তাঁরা পেট্রলবোমা ও ককটেল ফাটিয়ে ওই কেন্দ্র থেকে ব্যালট পেপার, বাক্সসহ ভোটের সরঞ্জামে আগুন লাগানোর চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা বাধা দিলে হামলাকারীরা তাঁদের মারধর শুরু করেন। একপর্যায়ে পুলিশ গুলি চালালে বাবুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। হামলাকারীরা বাবুলের লাশ নিয়ে যান।

বাবুলের বাড়ি ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের একবারপুর জালিয়াপাড়া গ্রামে। সকাল থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত আছে। মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কোতোয়ালি পুলিশের পরিদর্শক (অপরাধ তদন্ত) শেখ হিফজুর রহমান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।