দিনাজপুরে প্যাকেজে কিনতে হচ্ছে টিসিবির পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের লাইন। তবে ডিলাররা ‘প্যাকেজ’ করে বিক্রি করায় সুফল থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। ছবি: প্রথম আলো
দিনাজপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের লাইন। তবে ডিলাররা ‘প্যাকেজ’ করে বিক্রি করায় সুফল থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। ছবি: প্রথম আলো

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে কম দামে জনগণের মধ্যে পণ্য বিক্রির জন্য ডিলারদের বরাদ্দ দেওয়া হলেও দিনাজপুরের দুই ডিলার ‘প্যাকেজ’ ছাড়া পণ্য দিচ্ছেন না। এ কারণে স্বল্প আয়ের মানুষেরা বঞ্চিত হচ্ছে কম মূল্যের টিসিবির পণ্য থেকে।

দিনাজপুরে প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। বাজারমূল্যের চেয়ে কম দাম হওয়ায় ক্রেতারা ভ্রাম্যমাণ এ বিক্রয়কেন্দ্রে ঝুঁকে পড়েছেন। কিন্তু দুজন ডিলারই সব কটি পণ্যের ভিন্ন ভিন্ন প্যাকেজ করে বিক্রি করছেন।

টিসিবির রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন বিক্রির জন্য একজন ডিলারকে ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল, ২০০ লিটার সয়াবিন তেল ও ৪০০ কেজি ছোলা বরাদ্দ দেওয়া হয়। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা দরে বিক্রির কথা। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ডিলার মোজাফ্ফর হোসেনের লতা স্টোরের পণ্য বিক্রি হচ্ছিল। তারা প্যাকেজ বেঁধে পণ্য বিক্রি করছে। প্রতি প্যাকেজে তারা একজন ভোক্তার কাছে বিক্রি করছে ভোজ্য তেল ৫ লিটার, চিনি ৩ কেজি, মসুর ডাল ৩ কেজি ও ছোলা বুট ৩ কেজি। সাকল্যে এর দাম দাঁড়ায় ১ হাজার ৪০ টাকা।

অন্যদিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ডিলার কানাইলাল গুপ্ত প্রতি প্যাকেজে একজন ভোক্তার কাছে বিক্রি করছেন ভোজ্য তেল ৫ লিটার, চিনি ২ কেজি, মসুর ডাল ২ কেজি ও ছোলা বুট ২ কেজি। সাকল্যে এর দাম দাঁড়ায় ৮৩৫ টাকা।

লতা স্টোরের ব্যবস্থাপক মমতাজ আলী জানান, ‘ওপর থেকে নির্দেশ আছে। এভাবে পণ্য বিক্রির অনুমতি আমাদের নেওয়া আছে। না হলে কিছু পণ্য থেকে গেলে কোথায় বেচব?’ আরেক ডিলার কানাইলালও একই কথা জানান।

ওই দুটি জায়গায় কেবল মোটামুটি সচ্ছলদেরই পণ্য কিনতে দেখা যায়। তবে বেশির ভাগই প্যাকেজ ধরে কিনতে না পেরে আশপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। দিনমজুর আফরোজা বেগম কাজ শেষ করে এসেছিলেন দুই কেজি চিনি কিনতে। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর জানতে পারলেন প্যাকেজ ছাড়া কিনতে পারবেন না। হতাশ হয়ে তিনি বাড়ি চলে যাচ্ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, ‘হামরা গরিব মানুষ বায়, সরকার তালে হামার তোনে কী করলি?’ দক্ষিণ গোসাইপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, ‘এংক্যা নিয়মতো বায় গেল বছরও আছিল না। জনগণ উপকার ভোগ করিচে। এবার যে ক্যান এংক্যা নিয়ম করলি সরকার কিচু বুজা পাচি না। হামার তোনে নিয়ম করিয়া উপকার পাচে ধনী মানুষ।’

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আক্তার হোসেন শাহিন বলেন, ‘এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যে যতটুকু পরিমাণ পণ্য চাইবে, তারা সে পরিমাণই কিনতে পারবে। এ ব্যাপারে নিয়মিত তদারকি করা হচ্ছে।’

টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী মিশকাতুল আলম জানান, ‘প্যাকেজ পদ্ধতিতে পণ্য বেচতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। একজন রিকশাচালক কীভাবে এত টাকা খরচ করবে? ডিলারশিপ রাখতে চাইলে তাদের অবশ্যই খুচরা বিক্রি করতে হবে। আমি তাদের ফোনে জানিয়ে দিচ্ছি। তারা এমন আচরণ করলে তাদের ডিলারশিপ বাতিল করতে বাধ্য হব।’