দিনাজপুরে প্রধান বন সংরক্ষকসহ ৫০০ জনের বিরুদ্ধে জিডি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বনবিটের আমবাগানের ইজারা বাতিল করায় প্রধান বন সংরক্ষকসহ বন বিভাগের ছয় কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতাসহ ৫০০ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। ২ জুলাই এই জিডি করা হয়। ঘটনার সত্যতা যাচাই না করেই জিডি নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বন বিভাগের কর্মকর্তারা।দিনাজপুর বন বিভাগের চরকাই রেঞ্জের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার জানান, তাঁর রেঞ্জের নয়টি ইউনিটের একটি ভাদুরিয়া বিট। ওই বিটের ৬৫ দশমিক ৪১ একর আয়তনের ওই আমবাগানে ৪১২টি উন্নত জাতের আমগাছ আছে। বিএনপি নেতা তানভীর আহমেদ ২০০৭-২০০৮ অর্থবছরে পরের তিন বছরের জন্য ২৯ লাখ টাকায় বাগানটি ইজারা নেন। শর্ত অনুযায়ী তিনি গত বছরের ৩১ মার্চ তৃতীয় কিস্তির ছয় লাখ ৯৬ হাজার টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বন অধিদপ্তর দুই দফা সময় বাড়ান। কিন্তু এর পরও ইজারার টাকা পরিশোধ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২৯ এপ্রিল তানভীর আহমেদের নামের ইজারা বাতিল করা হয়। দরপত্রের মাধ্যমে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মো. আমির হোসেনকে নতুন করে ইজারা দেওয়া হয়।ভাদুরিয়া বিটের কর্মকর্তা মো. জনাব আলী জানান, ওই ঘটনায় ২ জুলাই প্রধান বন সংরক্ষক মো. আবদুল মোতালেব, বগুড়া অঞ্চলের সামাজিক বন সংরক্ষক মো. ফারুক হোসেন, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমির হোসেন, বর্তমান ইজারাদার আমির আলীসহ ৫০০ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় জিডি করেন তানভীর আহমেদ।নির্ধারিত সময়ের মধ্যে ইজারার টাকা পরিশোধ করতে না পারার কথা স্বীকার করে বিএনপি নেতা তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে আমের বাম্পার ফলন ছিল। ফল বিক্রি করে টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু বন বিভাগ তাঁকে সে সুযোগ না দিয়ে অন্যায় করেছে।দিনাজপুর বন বিভাগীয় কর্মকর্তা মো জহুরুল ইসলাম বলেন, পুরো ঘটনা পুলিশ খুব ভালো করেই জানত। জিডি রেকর্ড করার এ ধরনের ঘটনা বন বিভাগকে হতবাক করেছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জিডি রেকর্ড করে পুলিশ কোনো ভুল করেনি। কারও বিরুদ্ধে জিডি নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’