দিনাজপুরে ফিজিকস অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত
দিনাজপুরে ডাচ্-বাংলা ব্যাংক সপ্তম ফিজিকস অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় উৎসব গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন।
রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে উৎসবে মিলিত হয়। সকাল ১০টায় ইকবালুর রহিম জাতীয় পতাকা ও দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইমতিয়াজ হোসেন দিনাজপুর সায়েন্স একাডেমির পতাকা উত্তোলন করেন। দিনাজপুর স্কুল অব লিবারেটরসের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশ করে।
দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীনসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দিনাজপুর জিলা স্কুলের মূল ভবনের ১২টি শ্রেণিকক্ষে জুনিয়র বিভাগের জন্য এক ঘণ্টা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের প্রতিযোগীদের জন্য দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা হয়। পরীক্ষা শেষে মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিজ্ঞানবিষয়ক কুইজ, পাজল, প্রামাণ্যচিত্র। বিকেলে দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আশীষ কুমার মণ্ডল, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, দিনাজপুর স্কুল অব লিবারেটরসের অধ্যক্ষ এ কে এম জিয়াউল হক, দিনাজপুর সায়েন্স একাডেমির সাধারণ সম্পাদক গণিত শিক্ষক মো. একরামুল হক, পঞ্চগড়ের তেঁতুলিয়া পাইলট হাইস্কুলের গণিত বিভাগের শিক্ষক মো. আজিজুল হক প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা শেষে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিনটি বিভাগে মোট ৬৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ইকবালুর রহিম, মো. ইমতিয়াজ হোসেন, দিনাজপুর সায়েন্স একাডেমিসহ বিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষকেরা বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন।