দিনাজপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বিরামপুর উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চিরিরবন্দর উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলমসহ অতিথিরা বিজয়ী ও রানারআপ দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন।