দিনাজপুর শহরে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে গত বুধবার লিমন মিশ্র (৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফনী মিশ্র জানান, এক বছর আগে শহরের বড়বন্দর এলাকার জ্যোতির্ময় ব্যানার্জির মেয়ে ইন্দু মিশ্রের সঙ্গে তাঁর ছেলের বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে ইন্দুকে কয়েকজন বখাটে উত্ত্যক্ত করছিল। লিমন এ ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়। বিষয়টি উভয় পরিবার ছাড়াও অনেকে জানত। গত মঙ্গলবার শহরের গণেশতলা রহমান ব্রাদার্স নামে একটি পেট্রল পাম্পের সামনে বখাটেরা লিমনকে মারধর করে। ঘটনাটি পুলিশকে জানানো হয়। এ ব্যাপারে গত বুধবার মামলা করার কথা ছিল। বিষয়টি বখাটেরা জানতে পারে। পরে বুধবার রাতে শহরের লিলি মোড় এলাকায় ওই বখাটেরা লিমন মিশ্রকে আটক করে ছুরি, ক্ষুর ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে চলে যায়। পরে আশপাশের লোকজন লিমনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ফনী মিশ্র আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল ইসলামসহ আট বখাটের বিরুদ্ধে মামলা করেছেন। তবে রুবেলের নাম মামলা থেকে বাদ দিতে ক্ষমতাসীন দলের নেতারা পুলিশকে চাপ দিচ্ছেন।মামলার বাকি আসামিরা হলেন অজয় শীল, তন্ময় গোস্বামী, মো. বকুল, সুমন, রাজন, সুমন প্রসাদ ও সুবীর। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম জানান, মৃত্যুর পর লিমনের প্যান্টের পকেট থেকে মামলার এজাহারের একটি কাগজ পাওয়া গেছে। সেখানে ওই আট বখাটের নাম রয়েছে। এ ঘটনায় সুমন প্রসাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।