দিনাজপুরে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শিক্ষার্থীসহ ১০ জন। গতকাল রোববার ওই ঘটনা ঘটে। আহতদের বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল আলম প্রধান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন উপজেলার মুশিদহাট ইউনিয়নের জালগাঁও গ্রামের শ্যামল চন্দ্র রায় (৩৫) এবং আটগাঁও ইউনিয়নের দেউর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বাপ্পী ইসলাম (১২)। ঘটনার সময় শ্যামল বিলে মাছ ধরছিলেন আর বাপ্পী বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেউর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় একই জায়গায় অবস্থিত। দুপুরে টিফিনের সময় শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। আকস্মিক বজ্রপাতে মাঠে ফুটবল খেলতে থাকা বাপ্পী ঘটনাস্থলেই প্রাণ হারায়। একই সঙ্গে একজন চানাচুর বিক্রেতাসহ আহত হয় আরও নয় শিক্ষার্থী।
দেউর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম বলেন, আকাশে মেঘ হতেই হঠাৎ বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। সেই সঙ্গে আরও ১০ জন আহত হওয়ায় আতঙ্কে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে ওসি হাবিবুল আলম বলেন, উপজেলার মুশিদহাট ইউনিয়নের জালগাঁও গ্রামের শ্যামল চন্দ্র দুপুরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এদিকে ঘটনার পরপর আহতদের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে হাসপাতালের চিকিৎসক সরল চন্দ্র রায় জানিয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।