দিনাজপুরে বন্য প্রাণীর কামড়ে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার চারটি গ্রামে বন্য প্রাণীর আনাগোনা বেড়েছে। গত পাঁচ দিনে এসব হিংস্র প্রাণীর কামড়ে অন্তত ৩০ জন গ্রামবাসী জখম হয়েছেন।
আক্রান্ত ব্যক্তিরা দিনাজপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থান থেকে প্রতিষেধকসহ প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। গ্রামবাসীর কাছে বর্ণনা শুনে বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, এগুলো বনবিড়াল বা শিয়াল হতে পারে।
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াছ হোসেন বলেন, মাশিমপুর, সৈয়দপুর, উলিপুর ও করিমুল্লাহপুর গ্রামে বন্য প্রাণীর আক্রমণের ঘটনা ঘটেছে। গত তিন দিনে করিমুল্লাহপুর গ্রামের অন্তত ২৪ জন জখম হয়েছেন। সন্ধ্যার পর ও ভোরে তিন-চারটি প্রাণী আক্রমণ করছে। এগুলো নেকড়ের মতো দেখতে। শিয়ালের থেকে বড় আকৃতি, শরীরে হলুদ ফোঁটা, গলায় কালো দাগ আর মুখমণ্ডল দেখতে বাঘ বা বিড়ালের মতো। আক্রান্ত ব্যক্তিরা দিনাজপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি দিনাজপুর বিভাগীয় বন কার্যালয়ে জানানো হয়েছে।
মাশিমপুর গ্রামের কৃষক আবদুল ওয়াহেদ বলেন, গত বৃহস্পতিবার রাতে দুটি ‘শিয়াল’ সাহাজউদ্দিন নামের একজন কৃষকের দুটি গরুকে কামড়ে দেয়। গরুর ডাক আর লাফালাফির শব্দ শুনে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন এবং দুটি শিয়াল পালিয়ে যেতে দেখেন। এর কিছুক্ষণ পর পাশের বাড়ির আরিফুল ইসলামকে একটি শিয়াল কামড় দেয়। পাশের বাড়ির আরেকজন প্রাণীটির আক্রমণের শিকার হন। রাতেই তিনজন দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
সৈয়দপুর গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় গ্রামের এক শিশুসহ চারজনকে শিয়াল কামড় দিয়েছে। এ ছাড়া দুটি গরুও শিয়ালের কামড়ে জখম হয়েছে।
দিনাজপুর বন বিভাগের অধীন রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আবদুস সালাম গতকাল রোববার বলেন, ‘গ্রামবাসীর বর্ণনা শুনে মনে হয়েছে প্রাণীগুলো বনবিড়াল বা শিয়াল হতে পারে। এগুলোকে ধরার জন্য শনিবার রাতে করিমুল্লাহপুর গ্রামে একটি ফাঁদ পাতা হয়েছে। গ্রামবাসী জানিয়েছেন চারটি জন্তু রাতে খাঁচার কাছে এসেছিল। কিন্তু সেগুলো খাঁচায় প্রবেশ করেনি।’
দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান মো. ওয়াহেদুল হক বলেন, বন্য প্রাণীর আক্রমণের ঘটনায় গত পাঁচ দিনে ১০ জন চিকিৎসা নিয়েছেন। সবাইকে প্রতিষেধক দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত প্রতিষেধক রয়েছে।